গান: গ্রামের নওজোয়ান
গীতিকার ও সুরকার: শাহ আব্দুল করিমগ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউল গান আর মুর্শিদী গাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা।
বর্ষা যখন হইতো, গাজীর গান আইতো
রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম
বাউল আর পল্লী গান আনন্দের তুফান
গাইয়া সারি গান নাও দৌড়াইতম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম।
হিন্দু বাড়িত যাত্রা গান হইতো
নিমন্ত্রণ দিতো তারা আমরা যাইতাম
কে হবে মেম্বার কে হবে গ্রাম সরকার
আমরা কি তার খবর রাখিতাম হায়রে
আগে কি সুন্দর দিন কাটাইতাম।
বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে
গরীব কাঙালে বিচার পাইতাম
মানুষ ছিল সরল ছিল ধর্মবোল
এখন সবাই পাগল বড়োলোক হইতাম হায়রে
আগে কি সুন্দর দিন কাটাইতাম।
করি ভাবনা, সেদিন আর পাবোনা
ছিল বাসনা সুখী হইতাম
দিন হতে দিন আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম হায়রে
আগে কি সুন্দর কাটাইতাম।
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউল গান আর মুর্শিদী গাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা।

0 Comments